ছোঁয়া হয়নি যা

এযাবৎ ছোঁয়া হয়নি
নিভে আসা গোধূলির হাসি
ঝলসা লাগা ধানের শরীর
হিজল তলার ছড়ানো ফকিরি উল্লাস...

এযাবৎ ছোঁয়া হয়নি
শিরিষ পাতার হারমোনি
পুকুর জোড়া কলমির স্বরলিপি
শিশির ভেজা পঙ্গু শালিকের গান...

স্পর্শ রেখেছি যেখানে অরণ্য সন্ধানে
আঁচল জুড়ে ছাই হয়েছে উদ্ভিদ জন্ম
স্পর্শের পিপাসা নিবিড়ে এসেছে
অথচ -
আয়ুরেখা জুড়ে সাজিয়ে রাখছে পূজারি
কনকাঞ্জলির প্রদীপ আর শঙ্খধ্বনি...

মন্তব্যসমূহ